ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটের হিমায়িত যন্ত্রে সাইবার হামলা: কোটি টাকার ক্ষতি

স্বাস্থ্য ৩ নভেম্বর ২০২৬ ৪৭০০

ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সুপারমার্কেট এবং সামরিক ঘাঁটির ফ্রিজে সাইবার হামলায় বিপুল খাদ্যপণ্য নষ্ট হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে এসব যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে ক্ষতিসাধন করা হচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটের হিমায়িত যন্ত্রে সাইবার হামলা: কোটি টাকার ক্ষতি

ইন্টারনেটের সঙ্গে যুক্ত শীতলীকরণ যন্ত্র বা ফ্রিজের ওপর সাইবার হামলা চালিয়ে খাদ্যপণ্য নষ্ট করার ঘটনা ঘটেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে। হ্যাকাররা দূর থেকে এসব যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দেওয়ায় কয়েক কোটি ইউরো আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। গত সোমবার ইউরোপের একাধিক দেশে একশটিরও বেশি সুপারমার্কেটে এ ধরনের বিপর্যয় ঘটে। বেলজিয়াম ও লুক্সেমবার্গে ডেলহাইজের বেশ কিছু আউটলেট, বেলজিয়ামের ক্যারেফুরের ১৫টি শাখা এবং কোলরুইটের পাঁচটি স্টোর আক্রান্ত হয়। এছাড়া আয়ারল্যান্ডের সুপারভ্যালুর ১৩টি এবং সুইডেনের কো-অপের সাতটি দোকানে একই সংকট দেখা দেয়।

বেলজিয়ামের মাংস বিপণনকারী প্রতিষ্ঠান ডি লায়েত অ্যান্ড ভ্যান হাভারের একটি ফ্রিজের তাপমাত্রা বেড়ে ১৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে প্রায় ১৫ হাজার ইউরোর মাংস পচে যায়। এর আগে গত অক্টোবরে ফ্রান্সেও শত শত সুপারশপে একই কায়দায় হামলা চালানো হয়েছিল, যার ফলে কিছু ক্ষেত্রে ফ্রিজে আগুন লাগা ও যন্ত্রাংশ গলে যাওয়ার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা সেনাঘাঁটির একটি বিপণিবিতানে গত আগস্টে একইভাবে ফ্রিজের বরফ গলানোর প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে সমস্ত হিমায়িত খাবার পচে যায়। এমনকি রোড আইল্যান্ডের একটি নৌঘাঁটির শীতলীকরণ ব্যবস্থাও এই আক্রমণের শিকার হয়েছিল। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বিষয়টিকে সম্ভাব্য সাইবার হামলা হিসেবে খতিয়ে দেখছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ইন্টারনেটের সাহায্যে দূর থেকে নিয়ন্ত্রিত এসব ব্যবস্থার সফটওয়্যার সময়মতো হালনাগাদ না করা এবং দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের সুযোগ নিচ্ছে হ্যাকাররা। সাইবার হামলার নেপথ্যে কারা রয়েছে তা এখনো চিহ্নিত না হলেও ইউরোপীয় কমিশনের কৃষি ও খাদ্যবিষয়ক কমিশনার ক্রিস্টোফ হ্যানসেন বিষয়টিকে খাদ্য সরবরাহব্যবস্থা বিপর্যস্ত করার সুপরিকল্পিত প্রয়াস বলে মনে করছেন। ইতোমধ্যে বেলজিয়ামের সরকারি কৌঁসুলিরা ঘটনার অনুসন্ধান শুরু করেছেন। যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র সতর্ক করেছে যে, ২০২৮ সালের মধ্যে রাশিয়া ও চীনের মতো দেশগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে আরো জটিল আক্রমণ চালাতে পারে। প্রযুক্তি নির্ভরতা বাড়ায় নিত্যদিনের গুরুত্বপূর্ণ পরিকাঠামো এখন মারাত্মক ঝুঁকিতে পড়েছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন