আমেরিকায় বাংলাদেশি ও এশীয়দের শক্তিশালী করতে ডেমোক্র্যাটিক নেটওয়ার্কের নতুন যাত্রা

প্রবাস সংবাদ ৩ অক্টোবর ২০২৬ ৩০৩৫

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ও এশীয়-আমেরিকানদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি ও কমিউনিটির সার্বিক উন্নয়নে নিউইয়র্কে ‘ইউনাইটেড স্টেট ডেমোক্র্যাটিক নেটওয়ার্ক’ (ইউএসডিএন)-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

আমেরিকায় বাংলাদেশি ও এশীয়দের শক্তিশালী করতে ডেমোক্র্যাটিক নেটওয়ার্কের নতুন যাত্রা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি ও এশীয়-আমেরিকান সম্প্রদায়ের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘ইউনাইটেড স্টেট ডেমোক্র্যাটিক নেটওয়ার্ক’ (ইউএসডিএন)। গত ২৬ সেপ্টেম্বর নিউইয়র্ক শহরের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত একটি বিশেষ সুধী সমাবেশের মাধ্যমে নতুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা ঘটে।

সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি রাদওয়ান চৌধুরী নিজের অভিজ্ঞতা তুলে ধরে জানান, ছাত্রজীবনে ডেমোক্র্যাটিক পার্টির তরুণ ডানা সমর্থনের সময় বারাক ওবামার বক্তব্য তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল, যা পরবর্তীকালে তাকে অভিবাসী সমাজের কল্যাণে মূলধারার রাজনীতিতে সক্রিয় হতে উদ্বুদ্ধ করে। ম্যারিল্যান্ডের মন্টগোমারি কাউন্টির বাসিন্দা রাদওয়ান মনে করেন, আমেরিকা সম্ভাবনা উন্মোচনের স্থান; তাই সবাইকে মার্কিন রাজনীতির সঙ্গে একীভূত হয়ে একযোগে কাজ করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক উপদেষ্টা প্রতিষ্ঠান ‘হিন্টন স্ট্র্যাটেজিক পার্টনার্স’-এর প্রতিষ্ঠাতা ও প্রাক্তন কূটনীতিক সাবিন এম হিন্টন। আফগানিস্তানসহ বিভিন্ন দেশে কাজ করার পাশাপাশি ২০২০ সালে বাংলাদেশে সফরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি নবগঠিত ইউএসডিএন-এর লক্ষ্য অর্জনে সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন।

ইউএসডিএন-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ব্যক্ত করেন সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ গালিব রহমান। তিনি জানান, মার্কিন প্রশাসন ও নীতি নির্ধারণে এশীয়দের অংশগ্রহণ বৃদ্ধি, প্রতিভাবানদের এক ছাতার নিচে আনা এবং কমিউনিটির সার্বিক অগ্রযাত্রায় সংগঠনটি কাজ করে যাবে।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন ‘গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স’-এর প্রতিষ্ঠাতা প্রধান ড. মোহাম্মদ সালেহ। এ ছাড়া অনুষ্ঠানে মো. সোহেল হোসেন (আহমেদ সোহেল), তাসমিত আফিয়াত আর্নি, নাফিজা সাঈদা, রাফাত রহমান, কাজী এম আহমেদ, মো. সোলায়মান আকতার এবং জাকির এইচ চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন