জলছবি
- মীর জেসমিন ওয়াহেদ
ভাদ্রের রোদের কড়া গন্ধ-
শ্রাবণের ভেজা প্রকৃতি এখন শুকিয়ে যায়,
সেই গন্ধে মাতাল হয়ে ওঠে দুপুরের উদাস ক্ষণ।
শহর ফিরে পেয়েছে পুরোনো চাঞ্চল্য,
বহতা জীবন বইছে নিজের প্রয়োজনে।
রিকশার টুংটাং, দোকানির হাঁক-
সবই যেন সেই স্বাভাবিক দিনের পুনর্জন্ম।
রোদের ভালোবাসায় পাখিরা উড়ে যায়,
পালকের ওম মিশে যায় বাতাসের স্নিগ্ধতায়।
সুন্দর এক দিন হাঁটছে ধীরে ধীরে,
সুখ–দুঃখের গল্প লিখে ঘুমোবে মহাকালের গর্ভে।
আকাশের নীলে মেঘেদের উত্পাতে
ধীরে ধীরে ফুটে উঠছে শরতের অবয়ব।
ইচ্ছেরা ঘুড়ির মতো ভাসছে নীল আকাশে-
কিন্তু সময়ের কাছে হেরে,
বাস্তবতার করাঘাতে পড়ে আছে
আমার পায়ের কাছে নিঃশব্দে।
ছেলেবেলার সেই ফড়িং ধরা,
গাছে ওঠা, ঘুড়ি ওড়ানো-
সবই যেন ঘুরছে আকাশের আরশিতে,
মেঘেদের কথোপকথনে মিলিয়ে যায়।
আর আমি-
ভারী চশমার আড়ালে দেখি
সেই রঙিন ছেলেবেলার দিনগুলোর
একটি নিঃশব্দ জলছবি।
