এক সাহসী তরুণ  

- জাকিয়া রহমান

 

তরুণ তুমি শিখেছো তো মহাবিদ্যা!   

সোচ্চারে বললে যে তত্ত্ব,

কেউ করেনি আজও তা বলতে স্পর্ধা,

যা সৃষ্টিকর্তার এক শর্ত  

 ভীরু ধামাধরারা সব বিভেদকামী,  

উলটে দিয়ে যত সত্য,  

করে আরাজকতা নয় মঙ্গলকামী,  

অত্যাচার করে যায় নিত্য   

 তরুণ তুমি নির্ভীক! হলে দারুণ সোচ্চার!  

উপরঅলা দিল জমি,  

বললে সাহসী, তোমরা কে কেড়ে নেবার?  

সমান দাবিদারও আমি    

 কে নেবে ছিনিয়ে আমার এ অধিকার?  

আমি গড়ব যে আমার ঘর,   

এ মাটি আছে বরাদ্দ নামে আমার,  

মানি না ভীতি ভয়ংকর

তোমরা অবিশ্বাসী অনাচারী মতে,   

আমি তো নই ভীত তাতে,   

গড়ব মসজিদ, মন্দির, গির্জা এ জমিতে,  

সমান অধিকার নীতিতে  

 সবাই আমরা মানুষ এই বড় পরিচয়,   

ভুলো কেন সত্যি কথা?  

হিন্দু, মুসলমান, কি খৃষ্টান পরের বিষয়,  

ভয় দেখিও না অযথা

 ভুলে যাও কেন মিথ্যা বলা মহাপাপ,  

দিও না তো ধর্মের দোহাই

করো না আমাদের বিভ্রান্ত পড়বে শাপ,

প্রথমে মানুষ সবাই   

 দাবি সমান দিয়েছে বিধাতা-বিধান,   

সবার সমান হক ভূমিতে    

সৃষ্টি কর্তার এই হলো তাত্ত্বিক আধান,   

কেড়ে নেবে কোন নীতিতে?