এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করেছেন ড. আ.ন.ম বজলুর রশীদ গত মঙ্গলবার সকালে তিনি রাজশাহী বিভাগের ৮৯তম বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জানা গেছে, চাকরি জীবনে তিনি সর্বশেষ পানি সম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি ১৮তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১২ সালে ২৪ ডিসেম্বর রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি মাঠ প্রশাসনসহ কেন্দ্রীয় পর্যায়ে নীতি গ্রহণ ও ব্যবস্থাপনার নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার দক্ষতা প্রদর্শন করেছেন।
এদিকে রাজশাহী বিভাগের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহীর নেতৃবৃন্দ। গতকাল বুধবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ক্যাব রাজশাহীর পক্ষ থেকে সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন ফুল দিয়ে নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ এবং পবা উপজেলার প্রচার সম্পাদক মো. জাহিদ হাসান পলাশ উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎকালে বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ বলেন, রাজশাহী একটি সম্ভাবনাময় বিভাগ। এ অঞ্চলের উন্নয়নকে এগিয়ে নিতে প্রশাসনকে আরও গতিশীল, সেবা-উন্মুখ ও জনবান্ধব করতে চাই। তিনি আরও জানান, জনস্বার্থের যেকোনো কাজে বিভাগীয় প্রশাসন সবসময় সহযোগিতা করবে। ভোক্তা অধিকার ও সুশাসন নিশ্চিত করতে ক্যাবের মতো সংগঠনগুলোর সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাসিকের নবাগত প্রশাসক সাথে কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাজশাহী সিটি কর্পোরেশনের নবাগত প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগণের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রশাসক মহোদয়কে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণ ফুলেল শুভেচ্ছা জানান। এরপর কর্মকর্তাদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনে সার্বিক কার্যক্রম নিয়ে প্রেজেন্ট্রেশন উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ ১৮ নভেম্বর ২০২৫ তারিখে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, রাজশাহী সিটি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অন্যতম একটি সুন্দর শহর। এই সিটি কর্পোরেশন অনেক কিছুতেই পাইওনিয়র। আপনাদের সকলের পরিশ্রম ও আন্তরিকতার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। রাজশাহী সিটি আজকে যেখানে আছে, আগামীকাল যেন তার চেয়ে এগিয়ে থাকে। আগামীর ভালোর জন্যই তো আমরা কাজ করছি। সভায় তিনি আরো বলেন, সিটি কর্পোরেশন জনসেবামূলক প্রতিষ্ঠান। জনগণের সন্তুষ্টির জন্যই যথাযথভাবে কাজ করতে হবে। সিটি কর্পোরেশনের অনেক অর্জন রয়েছে। এই অর্জন ধরে রেখে রাজশাহী সিটিকে পৃথিবীর অন্যতম একটি সিটিতে পরিণত করতে যথাযথভাবে কাজ করে যেতে হবে।
সভায় রাসিক প্রশাসক রাজশাহী সিটির চলমান অবকাঠামোগত উন্নয়ন কাজ, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, ছায়াযুক্ত বৃক্ষরোপণ, পরিবেশ উন্নয়নসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (্উন্নয়ন ও আইসিটি) মোঃ রেজাউল আলম সরকার। অনুষ্ঠানে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদসহ সিটি কর্পোরেশনের শাখা প্রধানগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
