গত ৩ মে রবিবার নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় আল-আকসা পার্টি হল ও ফেইসবুক ভিত্তিক গ্রুপ দ্য বিউটিফুল লেডিস অফ ইউএসএ -এর যৌথ উদ্দ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী উৎসব ১৪৩৩।     কুইন্সের জ্যামাইকার প্রাণকেন্দ্রে অবস্থিত আল-আকসা পার্টি হল প্রাঙ্গণে আয়োজিত এ উৎসব বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে। লাল-সাদা শাড়িতে সজ্জিত রমণীদের স্নিগ্ধ ও ছন্দময় পদচারণায় বৈশাখী উৎসবটি প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে, সৃষ্টি হয় এক বর্ণিল ও উৎসবমুখর আবহ। উৎসব প্রাঙ্গণ বৈশাখী সাজে সজ্জিত করা হয়, যেখানে ছিল ঢোল, বাঁশি, পাখা, কলসি, রঙিন আলপনা ও গ্রামীণ বাংলার লোকজ হস্তশিল্পের নানা উপকরণ। উৎসবে আগত অংশগ্রহণকারীরা পাঞ্জাবি, শাড়ি ও ফতুয়া পরে বৈশাখী আবহকে আরও রঙিন ও আনন্দঘন করে তোলেন।আল-আকসার পার্টি হলের শাম্মী ইসলাম ও সাইফুল ইসলাম জোয়ারদারের তত্ত্বাবধানে খাবারের স্টলগুলোতে বৈশাখী ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ 'পান্তা ইলিশ' সহ নানা রকমের ভর্তা, ভাজি, পিঠা পরিবেশন করা হয়। দ্য বিউটিফুল লেডিস অফ ইউএসএ -এর এডমিন নাদিয়া চৌধুরী এবং সিলভী আকন্দ বৈশাখী উৎসবের সার্বিক দায়িত্ব পালন করেন।     সোনিয়া সিরাজের সাবলীল উপস্থাপনায়, বৈশাখের ঐতিহ্যকে ধারণ করে সাজানো এ অনুষ্ঠানে ছিল আবৃত্তি, নৃত্য, সংগীত, লোকজ পরিবেশনা ও সাংস্কৃতিক আয়োজনের এক মনোরম সমাহার। ফ্যাশন শো প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা রঙিন ও বৈচিত্র্যময় পোশাকে র‍্যাম্পে হেঁটে দর্শকদের মুগ্ধ করেন। দেশীয় ও আধুনিক নকশার সুনিপুণ সমন্বয়ে উপস্থাপিত এ আয়োজনে সৃষ্টি হয় এক ভিন্নধর্মী নান্দনিক আবহ, যা উপস্থিত সবাই আগ্রহ ও আনন্দের সঙ্গে উপভোগ করেন।     জনপ্রিয় অভিনয়শিল্পী টনি ডায়েস ও নৃত্যশিল্পী প্রিয়া ডায়েসের কবিতা ও শৈল্পিক নৃত্যের মনোমুগ্ধকর যুগলবন্দী দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। এঞ্জেলিনা ও নমরতার মোহনীয় নৃত্য পরিবেশনা মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয় পুরো মিলনায়তনে। অনিক রাজ ও প্রেমার সংগীত পরিবেশনা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়।     সিলভী আকন্দ, নাদিয়া চৌধুরী, শবনম মাওলা, লাকী খান, শর্মিলা, তাসনিমা খান ও শায়লা ইমরোজের গ্রুপ পারফরম্যান্স ছিল অত্যন্ত মনোমুগ্ধকর, যা দর্শকদের মুগ্ধতায় আবিষ্ট করে রাখে। সমন্বিত উপস্থাপনা, ছন্দময় পরিবেশনা এবং নান্দনিক ভঙ্গিমায় তাদের পরিবেশনা পুরো অনুষ্ঠানকে আরও বর্ণিল ও প্রাণবন্ত করে তোলে। ডিজে রাহাতের বাংলা গানের তালে দর্শকরা নেচে-গেয়ে উৎসবের শেষ মুহূর্ত পর্যন্ত আনন্দে মেতে থাকেন; প্রাঙ্গণজুড়ে সৃষ্টি হয় এক উচ্ছ্বাসময় উৎসবের আবহ। বৈশাখী উৎসবের প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী ও শাহ নেওয়াজ গ্রুপের স্বত্বাধিকারী শাহ নওয়াজ এবং রানো নেওয়াজ। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন 'স্টার ফার্নিচার'-এর স্বত্বাধিকারী রকি আলিয়ান ও সাবরিনা খান, প্রেম’স কালেকশনের স্বত্বাধিকারী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলাইমান, 'ইনকিলাব মিডিয়া অ্যান্ড পাবলিকেশন'-এর সিইও মোহাম্মদ জাহিদ আলম, 'কেয়ার এজেন্সি হোম কেয়ার'-এর স্বত্বাধিকারী এম্পায়ার নুরুল আজিম, আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক ও 'ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল'-এর চেয়ারপারসন অ্যাটর্নি মঈন চৌধুরী, এবং 'অল কাউন্টি হোম কেয়ার' ও 'নিউ ইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার'-এর প্রতিনিধিগণ। দ্য বিউটিফুল লেডিস অব ইউএসএ গ্রুপের এডমিন সিলভী আকন্দ ও নাদিয়া চৌধুরী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, বৈশাখী সাজসজ্জা, পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী উপকরণ এবং রঙিন পোশাকের সমাহার উৎসবটিকে আরও আকর্ষণীয় করে তোলে। প্রবাসে বসবাসরত বাঙালিদের জন্য এ আয়োজন ছিল এক মিলনমেলা, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত, নৃত্য, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং বাঙালির লোকজ সংস্কৃতির বহুমাত্রিক উপস্থাপনায় সৃষ্টি হয় এক অনন্য, হৃদয়গ্রাহী ও উৎসবমুখর পরিবেশ। তারা আরও জানান, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও এমন আয়োজন -কমিউনিটির মানুষকে একত্রিত করে এবং শিকড় ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। ভবিষ্যতেও এ ধরনের বর্ণাঢ্য আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।  

  বৈশাখী উৎসবের সংগীত পরিবেশনায় মঞ্চ মাতান দক্ষ মিউজিশিয়ানরা। লিড গিটারে সাইদুর রহমান, কি-বোর্ডে রিপন, অক্টোপ্যাডে রিড, বেজ গিটারে নেওয়াজ এবং সাউন্ড সিস্টেমের দায়িত্বে ছিল সাউন্ড গিয়ার। তাদের সুরেলা সমন্বয় ও নিখুঁত বাদ্যযন্ত্র পরিবেশনা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও শ্রুতিমধুর করে তোলে।     উল্লেখ্য, দ্য বিউটিফুল লেডিস অফ ইউএসএ যুক্তরাষ্ট্রে একটি অন্যতম বৃহৎ ও সক্রিয় ফেসবুক গ্রুপ হিসেবে পরিচিত। এই গ্রুপটি উত্তর আমেরিকার বাঙালি কমিউনিটিতে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতে এই গ্রুপকে কেন্দ্র করে আরও বৃহৎ ও আকর্ষণীয় আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে গ্রুপের এডমিনরা জানান।