নিউইয়র্ক, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশ সময় ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ৬ টায় ঢাকাস্থ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। সাবেক প্রধানমন্ত্রীর অকাল প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশের নিমিত্তে কনস্যুলেট প্রাঙ্গনে প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে একটি “শোক বই” ৩১ ডিসেম্বর ২০২৫(বুধবার), ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) এবং ৫ ও ৬ জানুয়ারি ২০২৬ (সোমবার, মঙ্গলবার) সকাল ১০:৩০ থেকে বেলা ৩:৩০ পর্যন্ত উন্মুক্ত থাকবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আগামী বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ হতে শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। একই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখ বুধবার নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখ বুধবার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক এর সকল দাপ্তরিক এবং কনস্যুলার কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখ বুধবার-এ ই পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কাজ সম্পন্ন করার জন্য যেসকল সেবাপ্রার্থী ইতোমধ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে এ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তাদেরকে পরবর্তী যে কোন কার্যদিবসে উপরিউক্ত সেবাসমূহ গ্রহনের জন্য বিনীত অনুরোধ করা হল।
