বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন গতি: ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেথানি মরিসন

আন্তর্জাতিক ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২৮৫০
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন গতি: ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেথানি মরিসন

শিব্বীর আহমেদ, নিউইয়র্ক: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে ইতিবাচক গতিপথে রয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। বাণিজ্যিক সহযোগিতা, বিমান খাত এবং বেসামরিক পরমাণু সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে তুলে ধরেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেথানি মরিসন বৃহস্পতিবার নিউইয়র্ক ফরেন প্রেস সেন্টারে এক ব্রিফিংয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে এ মন্তব্য করেন।

মরিসন বলেন, ‘বাংলাদেশের ক্ষেত্রেও আমরা একটি ভালো অবস্থানে রয়েছি।’ তিনি জানান, চলতি সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন। এটিকে দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে উল্লেখ করেন তিনি।বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাণিজ্যিক সহযোগিতার প্রসঙ্গ তুলে ধরে মরিসন বোয়িং-সংক্রান্ত একটি বড় বাণিজ্যিক চুক্তির কথা উল্লেখ করেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টও বৃহস্পতিবার সকালে তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন।

এদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তুতি চলছে বলেও জানান মরিসন। তিনি বলেন, শুক্রবার মার্কিন আন্ডার সেক্রেটারির সঙ্গে এ এমওইউ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। বেসামরিক পরমাণু সহযোগিতার এই উদ্যোগ দুই দেশের সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র উন্মোচন করতে পারে। এর মাধ্যমে শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তির ব্যবহার ও সংশ্লিষ্ট সহযোগিতার বিষয়ে দুই দেশের মধ্যে একটি নতুন কাঠামো তৈরি হওয়ার সুযোগ রয়েছে।

মরিসন বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগ ও চুক্তিগুলোকে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিস্তৃত অগ্রগতির অংশ হিসেবে তুলে ধরেন। দক্ষিণ এশিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের সামগ্রিক নীতির প্রসঙ্গে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন এ অঞ্চলকে আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। তাঁর মতে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে আগামী দিনগুলোতে আরও অগ্রগতি হবে।

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ, ভারত, নেপাল, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সাংবাদিকরা অংশ নেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন