হোয়াইট হাউসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন এমএস নাউ পলিটিকো'র মামলা

আন্তর্জাতিক ২২ সেপ্টেম্বর ২০২৬ ২৮৫০
হোয়াইট হাউসে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন এমএস নাউ পলিটিকো'র মামলা

শিব্বীর আহমেদ, ওয়াশিংটন ডিসি: হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে সিএনএন এমএস নাউ পলিটিকো (CNN, MS NOW ও Politico)। সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়। তিনটি সংবাদমাধ্যমের অভিযোগ, তাদের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে থাকা সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে। মামলায় দ্রুত একটি অন্তর্বর্তী আদেশ জারি করে সাংবাদিকদের প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার আবেদন করা হয়েছে।

গত শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে সিএনএন এমএস নাউ পলিটিকো (CNN, MS NOW ও Politico) এর সাংবাদিকদের হোয়াইট হাউস প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানানো হয়। পরদিন সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয় এবং তাদের প্রেস ক্রেডেনশিয়াল নিষ্ক্রিয় বা জব্দ করা হয়। মামলায় তিন সংবাদমাধ্যমের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রতিবেদন নিয়ে প্রশাসনের আপত্তির কারণে সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল করা হয়েছে। তাদের দাবি, যথাযথ নোটিশ ও প্রক্রিয়া ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি সংবাদমাধ্যমের সাংবিধানিক অধিকারকে ক্ষতিগ্রস্ত করে।

প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, প্রশাসন সংবাদমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে নয়; বরং তিনি যেসব সংবাদকে “ফেক নিউজ” বলে মনে করেন, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, এসব সংবাদমাধ্যম প্রশাসনের কার্যক্রম নিয়ে রিপোর্ট করতে পারলেও হোয়াইট হাউসে বিশেষ প্রবেশাধিকার থেকে তাদের বঞ্চিত করা হয়েছে।

এদিকে এই বিরোধের প্রভাব পড়েছে হোয়াইট হাউসের টেলিভিশন প্রেস পুলেও। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ট্রাম্পের নিউইয়র্ক সফরের সময় সিএনএন-এর প্রেস পুলের জন্য ভিডিও সরবরাহ করার কথা ছিল। তবে সিএনএন-কে দায়িত্ব পালন করতে না দেওয়ার পর প্রেস পুলের পক্ষ থেকে ওই দিনের জন্য বিকল্প ভিডিও কাভারেজ না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এবিসি সিবিএস এনবিসি ও ফক্স (ABC, CBS, NBC ও Fox) সহ অন্যান্য বড় টেলিভিশন নেটওয়ার্কও এই বিরোধের পর হোয়াইট হাউসের ভিডিও প্রেস পুলে অংশগ্রহণ স্থগিত করেছে। এখন হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার নিয়ে বিরোধটি ফেডারেল আদালতের সামনে রয়েছে। মামলায় সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার প্রশাসনিক সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতা নিয়ে আদালতের পরবর্তী পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন