সংবাদ সম্মেলনে সঙ্গীতের সুর, শেষে কেক কেটে বিবাহবার্ষিকী উদযাপন লং আইল্যান্ড সিটির মিউজিক্যাল নাইটের প্রস্তুতিতে আগ্রা প্যালেসে ব্যতিক্রমী আয়োজন

আকবর হায়দার কিরন
আগামী ৩ অক্টোবর লং আইল্যান্ড সিটির ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টারে অনুষ্ঠিতব্য মিউজিক্যাল নাইটের প্রস্তুতিতে নিউইয়র্কের আগ্রা প্যালেস পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলন শেষ হয় এক আবেগঘন মুহূর্তে। ‘মিট দ্যা প্রেস’-এর শেষে উপস্থাপক জাহিদ আলম ও তাঁর স্ত্রী তাঁদের বিবাহবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ কেক কেটে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক, এনওয়াইএসডিসি ও এএএ সুপ্রিমের সিইও জাহিদ আলম এ আয়োজন উপস্থাপন করছেন। প্রচারবিমুখ এই ব্যবসায়ী মঞ্চে বসতে না পছন্দ করলেও তাঁর আন্তরিকতা ও অসাধারণ আতিথেয়তা উপস্থিত সকলের মন জয় করে। সংবাদ সম্মেলনে আয়োজক ‘দ্য বিউটিফুল লেডিস অব ইউএসএ’-এর পক্ষে ছিলেন নাদিয়া চৌধুরী ও সিলভী আখন্দ। শিল্পীদের মধ্যে ইমরান মাহমুদুল, কনা ও ঝিলিক উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বক্তব্য রাখেন লায়ন্স প্রেসিডেন্ট জেএফএম রাসেল, সেক্রেটারি মাসুদ রানা তপন, সাবেক প্রেসিডেন্ট ও ব্যবসায়ী রকি আলিয়ান এবং দেশী এন্টারটেইনমেন্টের সিইও মনির জামান। দীর্ঘ বিরতির পর বিনোদন জগতে ফিরায় মনির জামানকে ‘ওয়েলকাম ব্যাক’ জানিয়েছেন অনেকে।
বক্তারা প্রবাসী কমিউনিটিতে সাংস্কৃতিক আয়োজনের গুরুত্ব, দর্শকদের প্রত্যাশা ও সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। টিকিটের মূল্য—জেনারেল ৩০, ভিআইপি ৫০ ও ভিভিআইপি ১০০ ডলার—নির্ধারণ করা হয়েছে। আয়োজকরা জানান, সোশ্যাল মিডিয়া ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক প্রচারণা চালানো হবে।
সারমিন সিরাজ সোনিয়ার প্রাণবন্ত উপস্থাপনায় সংবাদ সম্মেলন ছিল চাঞ্চল্যকর। তবে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করে শেষ মুহূর্তের সেই অনাকাঙ্ক্ষিত কিন্তু হৃদয়গ্রাহী দৃশ্য—জাহিদ আলম দম্পতি বিবাহবার্ষিকীর কেক কাটেন এবং উপস্থিত সাংবাদিক, শিল্পী ও অতিথিদের শুভেচ্ছা বিনিময় করেন। এই নৈমিত্তিক আয়োজন এক পেশাদার সংবাদ সম্মেলনকে স্মরণীয় মুহূর্তে রূপান্তরিত করে।
ছবিগুলো তুলেছেন নিহার সিদ্দিকী
ছবিতে দেখুন



