কিরগিজ জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শনে ফেং লি ইউয়ান ও আইগুল জাপারোভা

আন্তর্জাতিক: কিরগিজস্তান সময় ৩১ আগস্ট সকালে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের স্ত্রী ফেং লি ইউয়ান কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভের স্ত্রী আইগুল জাপারোভার সঙ্গে কিরগিজ প্রজাতন্ত্রের জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করেন।
ফেং লি ইউয়ান ও আইগুল জাপারোভা একসঙ্গে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ স্বাগত পরিবেশনা উপভোগ করেন। এরপর দুই দেশের ফার্স্ট লেডি একসঙ্গে কিরগিজস্তানের ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রদর্শনী পরিদর্শন করেন।
ফেং লি ইউয়ান বলেন, জাদুঘরে প্রদর্শিত পোশাক, বোনা কার্পেটসহ বিভিন্ন নিদর্শনের কারুকার্য অত্যন্ত সূক্ষ্ম ও রঙিন। এসব নিদর্শনে কিরগিজ জাতির দীর্ঘ ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং অনন্য জীবনযাপনের রীতিনীতি ফুটে উঠেছে।
তিনি বলেন, চীন ও কিরগিজস্তান উভয় দেশই ঐতিহ্যবাহী সংস্কৃতির সংরক্ষণ ও সুরক্ষাকে গুরুত্ব দেয়। চীন ও কিরগিজস্তান ক্রমাগত মানবিক ও সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ করবে এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া আরও বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দুই দেশের ফার্স্ট লেডি চীন ও কিরগিজস্তানের যৌথ আয়োজিত ‘সামঞ্জস্য ও সৌন্দর্য—প্রাচীন চীনা সভ্যতার শিল্প প্রদর্শনী’ পরিদর্শন করেন এবং কিরগিজস্তানের বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহ্যবাহী পোশাকের প্রদর্শনী উপভোগ করেন। এ সময় তাঁরা চীন ও কিরগিজস্তানের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক শিক্ষাকে সক্রিয়ভাবে এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
কিরগিজ প্রজাতন্ত্রের জাতীয় ইতিহাস জাদুঘর দেশটির সর্বোচ্চ পর্যায়ের জাতীয় জাদুঘর। এখানে সংরক্ষিত ঐতিহাসিক নিদর্শনগুলোর মাধ্যমে কিরগিজ জাতির বিকাশের ইতিহাস তুলে ধরা হয়েছে।
সূত্র: স্বর্ণা-তৌহিদ-লিলি, চায়না মিডিয়া গ্রুপ
