দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন পর্যায়: চীন-উত্তর কোরিয়া সংযোগে নতুন ইয়ালু নদী সেতু :চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং

১৫ অক্টোবর: চীন-উত্তর কোরিয়ার নতুন ইয়ালু নদী সেতু হলো চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিম জং উনের যৌথ আগ্রহ ও প্রচেষ্টায় এগিয়ে নেওয়া একটি গুরুত্বপূর্ণ আন্তঃসীমান্ত অবকাঠামো প্রকল্প। দুই পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় সেতুটি সফলভাবে চালু হয়েছে। এটি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে আরও জোরদার করবে, দুই দেশের মানুষের যাতায়াত সহজ করবে এবং জনগণের মধ্যে বন্ধন আরও দৃঢ় করবে। সেতুটি চীন ও উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী বন্ধুত্বের ক্ষেত্রে নতুন মাইলফলক হয়ে উঠবে।
১৫ অক্টোবর চীন-উত্তর কোরিয়ার নতুন ইয়ালু নদী সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভিডিও ভাষণে এসব কথা বলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।
লি ছিয়াং বলেন, সেতুটি চালুর সুযোগ কাজে লাগিয়ে দুই পক্ষের উচিত সীমান্ত বন্দরে পণ্য ও যাত্রী ছাড়পত্রের প্রক্রিয়া আরও উন্নত করা, আন্তঃসংযোগের মান বাড়ানো, সীমান্ত অঞ্চলে সহযোগিতার সম্ভাবনা কাজে লাগানো এবং দুই দেশের জনগণের কল্যাণ আরও বৃদ্ধি করা।
তিনি বলেন, চীন ও উত্তর কোরিয়া পাহাড়-নদীতে সংযুক্ত সমাজতান্ত্রিক বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। বর্তমানে দুই দেশের সর্বোচ্চ নেতাদের কৌশলগত নেতৃত্বে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করছে। প্রেসিডেন্ট সি চিন পিং উল্লেখ করেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন যা-ই হোক না কেন, চীনের দল ও সরকারের চীন-উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী বন্ধুত্বকে গুরুত্ব দেওয়ার দৃঢ় অবস্থান পরিবর্তিত হবে না। কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়ার সমাজতান্ত্রিক উন্নয়নকে দৃঢ়ভাবে সমর্থন করার অবস্থান এবং দুই দেশের অভিন্ন স্বার্থ ও অনুকূল কৌশলগত পরিবেশ রক্ষার সংকল্পও অপরিবর্তিত থাকবে।
লি ছিয়াং বলেন, চীন উত্তর কোরিয়ার সঙ্গে একযোগে দুই দেশের সর্বোচ্চ নেতাদের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন, কৌশলগত যোগাযোগ জোরদার, রাজনৈতিক পারস্পরিক আস্থা সুদৃঢ়, বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ এবং বহুপাক্ষিক সমন্বয় আরও ঘনিষ্ঠ করতে চায়। এর মাধ্যমে চীন-উত্তর কোরিয়া সম্পর্কের গভীরতা ও বিকাশ অব্যাহত রেখে দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উত্তর কোরিয়ার মন্ত্রিসভার প্রধানমন্ত্রী পাক থে সং ভিডিও ভাষণ দেন।নতুন ইয়ালু নদী সেতুটি চীনের লিয়াওনিং প্রদেশের সঙ্গে উত্তর কোরিয়ার উত্তর পিয়ংগান প্রদেশকে সংযুক্ত করেছে।
সূত্র: জিনিয়া-ফয়সল-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ
