আন্তর্জাতিক সংলাপে নগর-উন্নয়নের ভবিষ্যৎ রূপরেখা: হ্যনানে সফল সমাপ্তি বিশ্ব মেয়র সম্মেলন

চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য-কার্যালয়ের নির্দেশনায়, "প্রাচীন রাজধানীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, নগর সভ্যতার পারস্পরিক বিনিময়" শীর্ষক প্রতিপাদ্য নিয়ে, ৯ থেকে ১১ অক্টোবর পর্যন্ত, হ্যনান প্রদেশের লুও ইয়াং শহরে অনুষ্ঠিত হয় ‘বিশ্ব মেয়র সংলাপ, ২০২৬’।
চীন, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা, আলজেরিয়াসহ ১০টিরও বেশি দেশের ৯০ জনেরও বেশি মেয়র, মেয়রের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, এবং বিশেষজ্ঞ-পণ্ডিতগণ, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও উত্তরাধিকার, শিল্পের রূপান্তর ও উন্নয়ন, নগর-নবায়নসহ নানান বিষয় নিয়ে গভীরভাবে মত বিনিময় করেন।
অনুষ্ঠানে একটি মূল সংলাপ এবং তিনটি পরিস্থিতি-ভিত্তিক সংলাপ অন্তর্ভুক্ত ছিল। তিনটি পরিস্থিতি-ভিত্তিক সংলাপ, সভাকক্ষের বাইরে যথাক্রমে লুংমেন গুহা, চায়না ইথোও গ্রুপ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, এবং লুও-ঈ প্রাচীন নগরে আয়োজিত হয়। অংশগ্রহণকারীরা পাহাড়ের খাড়া দেয়ালের সামনে উত্তরাধিকার নিয়ে আলোচনা করেন, উৎপাদন-লাইনের পাশে দাঁড়িয়ে বুদ্ধিমান উৎপাদন-ব্যবস্থা পর্যবেক্ষণ করেন, এবং গলি-উপগলিতে নবায়ন নিয়ে কথা বলেন।
ইতালির সেস্তো সান জোভান্নি শহরের মেয়র রোবের্তো দি স্তেফানো বলেন, চীনের শিল্প-শৃঙ্খলের সুবিধা চিত্তাকর্ষক। উৎপাদন, পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করা এবং শিল্প-উন্নয়নের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আর্জেন্টিনার তিগ্রে শহরের মেয়র হুলিও সামোরা বলেন, "লুও ইয়াং ঐতিহাসিক নিদর্শন সম্পূর্ণভাবে সংরক্ষণ করার পাশাপাশি, সেগুলোর সক্রিয় ব্যবহার এগিয়ে নিয়েছে এবং প্রাচীন সভ্যতাকে আধুনিক নগর-উন্নয়নের সাথে সম্পৃক্ত করেছে। এই অভিজ্ঞতা অনুসরণীয়।"
লুও ইয়াং পৌর সরকার এবং হ্যনান প্রাদেশিক গণসরকারের তথ্য-কার্যালয় এই অনুষ্ঠানটি আয়োজন করে। অনুষ্ঠান চলাকালে, “নগরসভ্যতা বিষয়ক লুও ইয়াং ঐকমত্য” প্রকাশিত হয় এবং প্রচার বিনিময় ও অবস্তুগত সাংস্কৃতিক ঐতিহ্য সমাবেশ আয়োজিত হয়। এ সময় লুও ইয়াং আর একাধিক দেশের বিভিন্ন শহরের মধ্যে ‘বন্ধুশহর সম্পর্ক’ স্থাপন এবং শিল্প-সহযোগিতা ও সংস্কৃতি-পর্যটন খাতে পারস্পরিক সংযোগ নিয়ে গভীরভাবে আলোচনা চলে। সংলাপকে বাস্তবসম্মত সহযোগিতায় রূপান্তরের বিষয়টিকেও উৎসাহিত করা হয়।
সূত্র: আনন্দী-আলিম,চায়না মিডিয়া গ্রুপ
