হংকংয়ে বিনামূল্যে পিএইচডির সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

শিক্ষা ৩ নভেম্বর ২০২৬ ৩১০৯

বাংলাদেশসহ বিশ্বজুড়ে ৪০০ গবেষককে সম্পূর্ণ বিনামূল্যে পিএইচডি করার সুযোগ দিচ্ছে হংকং। হংকং রিসার্চ গ্রান্টস কাউনসিল ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য এ সুযোগ দিচ্ছে।

হংকংয়ে বিনামূল্যে পিএইচডির সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের হংকংয়ে বিনামূল্যে পিএইচডি করার সুযোগ তৈরি হয়েছে। হংকং রিসার্চ গ্রান্টস কাউনসিল (আরজিসি)-এর তত্ত্বাবধানে 'হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম'-এর মাধ্যমে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে ৪০০ জন বিদেশি শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেওয়া হবে।

এই বৃত্তির আওতায় তিন বছর পর্যন্ত নিয়মিত বার্ষিক উপবৃত্তি পাওয়া যাবে। পাশাপাশি উচ্চতর গবেষণা ও আন্তর্জাতিক সেমিনারে অংশ নেওয়ার জন্য ভ্রমণ ভাতাসহ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। এখানে বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল ও প্রযুক্তি, মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে গবেষণা করার সুযোগ রয়েছে।

সিটি ইউনিভার্সিটি অব হংকং, চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং, হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি, হংকং পলিটেকনিক ইউনিভার্সিটিসহ স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই স্কলারশিপের অধীন ভর্তি হওয়া যাবে।

সম্প্রতি স্নাতকোত্তর শেষ করা প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের চমৎকার শিক্ষাগত যোগ্যতা, ইংরেজিতে ভাষাগত দক্ষতা, গবেষণার মানসিকতা এবং নেতৃত্ব দেওয়ার গুণাবলী থাকতে হবে। যাদের পূর্ববর্তী পড়াশোনা ইংরেজি মাধ্যমে হয়েছে, তাদের আলাদা আইইএলটিএস সনদ নাও লাগতে পারে।

আগ্রহীদের হংকং পিএইচডি ফেলোশিপের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে প্রাথমিক ফরম পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার চূড়ান্ত দিন ২০২৬ সালের ১ ডিসেম্বর।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন