সারাদেশে বোমা হামলার আশঙ্কা ও অভ্যন্তরীণ পুলিশি বার্তা নিয়ে গুঞ্জন
সারাদেশে বোমা হামলার আশঙ্কায় পুলিশের বিশেষ সতর্কতার তথ্যকে গুজব বলেছে সদর দপ্তর। তবে অভ্যন্তরীণভাবে এমন সতর্কবার্তা পেয়েছেন বলে জানিয়েছেন মাঠপর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা।

গোপন তথ্যের ভিত্তিতে সারাদেশে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া নিয়ে শুরু হয়েছে আলোচনা। জননিরাপত্তা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের সব রেঞ্জ এবং জেলায় পুলিশের নজরদারি বাড়ানোর তথ্য প্রকাশ পায়।
শুক্রবার (৭ আগস্ট) রাতের দিকে পুলিশ সদস্যদের কাছে পাঠানো এক খুদে বার্তায় নৈশকালীন টহল ও চেকপোস্টে দায়িত্ব পালনকালে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশও সেখানে উল্লেখ ছিল। এর জের ধরে সংবেদনশীল এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে তাৎক্ষণিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বিষয়টিকে গুজব বলে অভিহিত করেন। যদিও প্রশাসনিক অপারেশনের সঙ্গে যুক্ত একাধিক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই সতর্কবার্তাটি গ্রহণ করেছেন।
