রাজধানীর গুলশানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর সহিংসতা এড়াতে সারাদেশে অতিরিক্ত সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

সারাদেশে অব্যাহত বিশেষ অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার (৭ আগস্ট) রাতে রাজধানীর গুলশান এলাকার একটি রেস্তোরাঁয় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে গোপন বৈঠককালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) এবং ইব্রাহিম হোসেন (৩৩)।
গুলশান থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার রাত প্রায় সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলায় অবস্থিত একটি খাবারের দোকানে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই ছয়জনকে ধরা হয়।
এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সারাদেশের সব জেলা ও রেঞ্জ প্রধানদের সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। যে কোনো ধরণের বিশৃঙ্খলা রুখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার এক কর্মকর্তা জানান, দেশের নিরাপত্তা বজায় রাখতে দেশজুড়ে পুলিশ সতর্ক রয়েছে।
