মাঝআকাশে বিমানে তাণ্ডব, জরুরি দরজা খোলার চেষ্টায় ভারতীয় যাত্রী গ্রেপ্তার
মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে কেরালার কোচিগামী একটি ফ্লাইটে মাঝআকাশে জরুরি দরজা ও জানালা ভাঙার চেষ্টা করার অভিযোগে জামশের নামে এক ভারতীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুয়ালালামপুর থেকে কেরালার কোচির উদ্দেশ্যে যাত্রা করা একটি বিমানে মাঝআকাশে এক যাত্রী আকস্মিক বিশৃঙ্খলা সৃষ্টি করেন। ভারতের পালাক্কাদের বাসিন্দা জামশের নামের ওই ব্যক্তি উড্ডয়নরত বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা চালান এবং ভেতরের জানালার কাঁচ ভেঙে ফেলেন। বুধবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১১টা ৫ মিনিটের মধ্যে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
বিমানের যাত্রী ম্যাটি ম্যাথুর বিবরণ অনুযায়ী, গভীর রাতে বিমানের বেশিরভাগ আরোহী যখন ঘুমাচ্ছিলেন, তখন হঠাৎ বাইরে থেকে বাতাস প্রবেশের শব্দ পাওয়া যায়। যাত্রীদের ঘুম ভেঙে গেলে তারা দেখতে পান যে অভিযুক্ত ব্যক্তি জরুরি নির্গমনের জানালা ক্ষতিগ্রস্ত করে সেটি খুলে ফেলার চেষ্টা করছেন। তবে বিমানের বিশেষ নকশা ও বাতাসের চাপের কারণে দরজাটি খোলা সম্ভব হয়নি।
পরিস্থিতি আঁচ করতে পেরে বিমানের ক্রু ও অন্যান্য যাত্রীরা তাকে ধরে ফেলেন এবং বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পান। এ সময় তিনি সেখানে থাকা মানুষজনকে হুমকি দিচ্ছিলেন বলেও অভিযোগ ওঠে। বৃহস্পতিবার ভোরে বিমানটি কোচি বিমানবন্দরে অবতরণ করার পর অভিযুক্তকে কেরালা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটিতে আতঙ্ক তৈরি হলেও শেষ পর্যন্ত বিমানের সব আরোহী অক্ষত ও নিরাপদ ছিলেন।
