ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ, পেছনে ফেললেন কোহলিকে
বিরাট কোহলিকে টপকে ভারতের সবচেয়ে প্রভাবশালী সেলিব্রিটির স্থান দখল করেছেন শাহরুখ খান। কনসালটেন্সি প্রতিষ্ঠান ক্রোলের সাম্প্রতিক তালিকায় এই তথ্য উঠে এসেছে।

পরামর্শক প্রতিষ্ঠান ক্রোলের প্রকাশিত নতুন সূচকে ভারতের সবচেয়ে মূল্যবান তারকার মর্যাদা ফিরে পেয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার ব্র্যান্ড মূল্য নিয়ে তিনি এক নম্বর স্থানে উঠে এসেছেন। ২০২৩ সালের শেষে ‘ডাঙ্কি’ সিনেমাটির পর নতুন কিছু মুক্তি না পেলেও আগের বছরের তৃতীয় স্থান থেকে এবার শীর্ষে পৌঁছালেন তিনি।
এই সূচকে ১৬ কোটি ২৯ লাখ ডলার মূল্যমান নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অভিনেতা রণবীর সিং, যার পেছনে বড় ভূমিকা রেখেছে ‘ধুরন্ধর’ ছবিটির সফলতা। অন্যদিকে, গতবারের শীর্ষ তারকা ক্রিকেটার বিরাট কোহলি ১৫ কোটি ৮৪ লাখ ডলার ব্র্যান্ড মূল্য নিয়ে নেমে গেছেন তৃতীয় অবস্থানে।
তালিকায় পরের স্থানগুলোতে রয়েছেন সাবেক ও বর্তমান ক্রীড়া ও বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্ব। ১২ কোটি ৫৯ লাখ ডলার নিয়ে চতুর্থ স্থানে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং ১১ কোটি ৫৩ লাখ ডলার সম্পদ নিয়ে পঞ্চম স্থানে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিনোদন জগতের তারকাদের মধ্যে আলিয়া ভাট ৯ কোটি ৩৯ লাখ ডলার নিয়ে ষষ্ঠ, দীপিকা পাড়ুকোন ৮ কোটি ৯২ লাখ ডলার নিয়ে সপ্তম ও হৃতিক রোশন ৮ কোটি ৮৯ লাখ ডলার নিয়ে অষ্টম স্থানে রয়েছেন। ৯ ও ১০ নম্বর অবস্থানে আছেন যথাক্রমে অমিতাভ বচ্চন (৮ কোটি ৮ লাখ ডলার) ও অক্ষয় কুমার (৮ কোটি ডলার)।
এ ছাড়া সেরা সারির তালিকায় আরও জায়গা করে নিয়েছেন রণবীর কাপুর, সালমান খান, রাশমিকা মান্দানা, রোহিত শর্মা, কারিনা কাপুর, কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি, কৃতি স্যানন, অনন্যা পান্ডে এবং জসপ্রীত বুমরাহের মতো তারকা। বর্তমানে শাহরুখ খান ব্যস্ত রয়েছেন সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবির চিত্রনাট্য নিয়ে, যেখানে আরও অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন। ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
