বাংলাদেশ ও চীনের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত

বাংলাদেশ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪৭৭৪

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ঢাকার চীনা রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় এবং বাংলাদেশ বাহিনীর আধুনিকায়নে চীনের ধারাবাহিক সমর্থনের কথা জানান।

বাংলাদেশ ও চীনের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত

ঢাকা সেনানিবাসস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে দুই রাষ্ট্রের পারস্পরিক সামরিক ও প্রতিরক্ষা অংশীদারত্বকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে আশাবাদ প্রকাশ করা হয়।

বৈঠকে উভয় দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত উচ্চতর প্রশিক্ষণ, সামরিক শিক্ষা আদান-প্রদান এবং প্রযুক্তিগত সামর্থ্য বাড়ানোর বিষয়গুলো প্রাধান্য পায়। আধুনিক সামরিক প্রেক্ষাপটের চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময় দ্বিপক্ষীয় সম্পর্ককে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে দুই প্রতিনিধি মন্তব্য করেন। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের দীর্ঘকালের বন্ধুত্ব ও অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনের সহযোগিতার কথা স্মরণ করেন। জবাবে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণে তাঁদের দেশের সার্বিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন