বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা বৃদ্ধিতে যৌথ জোর
বাণিজ্য, বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে বর্তমান সাড়ে ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য আরও বৃদ্ধির আশাবাদ প্রকাশ করা হয়।

বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ, দক্ষতা বৃদ্ধি ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোড়ালো করতে একমত প্রকাশ করেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের মধ্যকার এক বৈঠকে এসব বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।
বৈঠকে বৈশ্বিক বাণিজ্য ও বিশ্ব বাণিজ্য সংস্থার বিধিবিধান বিষয়ে সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম চালুর পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন, এ লক্ষ্যে একটি গবেষণা কেন্দ্র গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা আঞ্চলিক পর্যায়ে জ্ঞান বিনিময়ের কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে। পাশাপাশি জাতীয় উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নে প্রকল্প পরিচালকদের সক্ষমতা বৃদ্ধিতে বিশেষায়িত প্রশিক্ষণ চালুর বিষয়টিও তুলে ধরেন তিনি।
অস্ট্রেলীয় হাইকমিশনার ধারাবাহিক ও পরিকল্পিত দক্ষতা উন্নয়ন কার্যক্রমে সহায়তার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, নতুন এই আয়োজনে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি, আইনি দিক এবং নীতি প্রণয়নের দক্ষতা অর্জনের বিষয়গুলো প্রাধান্য পাবে। যৌথ এই প্রক্রিয়ায় অন্যান্য উন্নয়ন অংশীদারদের যুক্ত করার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।
সুসান রাইল জানান, দুই দেশের বর্তমান দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় সাড়ে ৫ বিলিয়ন মার্কিন ডলার, যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষিখাতে নতুন সম্ভাবনার চিত্র তুলে ধরে তিনি জানান, অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে শিগগিরই অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধিদল ঢাকা সফর করবে।
এছাড়া বৈঠকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী বাণিজ্যিক সুবিধা, অস্ট্রেলিয়া থেকে হালাল গরুর মাংস আমদানি এবং আধুনিক গবাদিপশু ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় হয়। উভয় দেশই নিয়মিত আলোচনার মাধ্যমে সম্পর্ককে টেকসই ও কৌশলগত পর্যায়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে।
