বিনামূল্যে কনটেন্ট দেখার সুযোগ আবার ফিরিয়ে আনছে নেটফ্লিক্স

বিনোদন ৭ আগস্ট ২০২৬ ৪৭০০

নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে নির্দিষ্ট শর্তসাপেক্ষে আবারও বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিচ্ছে ভিডিও স্ট্রিমিং সেবা নেটফ্লিক্স। নির্বাচিত কিছু ব্যবহারকারী ১৫ থেকে ৩০ দিন পর্যন্ত বিনা খরচে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন।

বিনামূল্যে কনটেন্ট দেখার সুযোগ আবার ফিরিয়ে আনছে নেটফ্লিক্স

জনপ্রিয় আন্তর্জাতিক স্ট্রিমিং সেবা নেটফ্লিক্স তাদের প্ল্যাটফর্মে সীমিত পরিসরে বিনা মূল্যে কনটেন্ট দেখার ট্রায়াল সুবিধা পুনরায় চালু করেছে। এর আওতায় নির্বাচিত কিছু নতুন গ্রাহক নির্দিষ্ট মেয়াদে কোনো ধরনের চার্জ ছাড়াই চলচ্চিত্র, নাটক ও তথ্যচিত্র উপভোগ করার সুযোগ পাবেন।

বিভিন্ন বৈশ্বিক মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, নতুন অ্যাকাউন্ট খোলার পর শর্তপূরণকারী গ্রাহকেরা ১৫ অথবা ৩০ দিনের জন্য এই সুবিধা পাচ্ছেন।

তবে এই সুবিধাটি সবার জন্য প্রযোজ্য নয়। গ্রাহকের অ্যাকাউন্ট, ব্যবহৃত যন্ত্র এবং ভৌগোলিক অবস্থানের ওপর ভিত্তি করে সুবিধাটি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির সহায়তা কেন্দ্র। অ্যাকাউন্ট তৈরির সময়ে যোগ্য ব্যবহারকারীদের পর্দায় '১৫-ডে ফ্রি ট্রায়াল' বা 'ট্রাই ৩০ ডেজ ফর জিরো' বার্তাটি প্রদর্শিত হবে। এটি দেখা না গেলে বুঝতে হবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটিতে অফারটি প্রযোজ্য নয়।

এই সুযোগ গ্রহণ করতে নতুনদের প্রথমে ওয়েবসাইট অথবা অ্যাপের মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নিবন্ধন করার সময়ে ট্রায়াল বার্তা দেখা গেলে যেকোনো সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিতে হবে। পরবর্তী ধাপে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কিংবা অনুমোদিত পেমেন্ট মাধ্যম যুক্ত করলেই মেয়াদের পুরোটা সময় বিনামূল্যে প্ল্যাটফর্মটি চালানো যাবে।

ফ্রি ট্রায়ালের সময়সীমা পার হওয়ার আগেই সেবাটি বাতিল না করলে পেমেন্ট কার্ড থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাআপনি কেটে নেওয়া হবে। তাই সম্পূর্ণ বিনামূল্যে এটি ব্যবহার করতে চাইলে মেয়াদ শেষ হওয়ার পূর্বেই অ্যাকাউন্ট বাতিল করা প্রয়োজন।

উল্লেখ্য, ২০২০ সালে বিশ্বজুড়ে ৩০ দিনের এই ট্রায়াল ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল নেটফ্লিক্স। দীর্ঘ সময় পর নতুন গ্রাহক বাড়াতে সীমিত আকারে আবারও পরীক্ষা চালিয়ে দেখছে ওটিটি প্ল্যাটফর্মটি।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন