তথাগতর 'নিব্বা নিব্বি'র ট্রেলারে নজর কাড়ল রহস্য ও সহিংসতা
জি ফাইভ বাংলায় আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে তথাগত মুখোপাধ্যায়ের নতুন চলচ্চিত্র 'নিব্বা নিব্বি'। সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশিত হয়েছে, যেখানে সহিংসতা ও রহস্যের ছোঁয়া পাওয়া গেছে।

টালিউড পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'নিব্বা নিব্বি'-র ট্রেলার সম্প্রতি প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ বাংলায় দেখা যাবে সিনেমাটি। রোমাঞ্চ, রহস্য ও সহিংসতার আবহ দিয়ে সাজানো এই ট্রেলারটি ইতিমধ্যেই দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
চলচ্চিত্রটিতে দাম্পত্য জুটি হিসেবে মূল ভূমিকায় অভিনয় করেছেন সৌরসেনী মৈত্র ও ঋশভ বসু। গল্পে ৯ মাসের অন্তঃসত্ত্বা পার্বতী মজুমদারের এক বেপরোয়া চরিত্রে হাজির হয়েছেন সৌরসেনী। অন্যদিকে তাঁর স্বামী দেবা দাসের ভূমিকায় দেখা মিলবে ঋশভকে। এ ছাড়া শান্তিলাল মুখোপাধ্যায়, শংকর চক্রবর্তী, অভিনব ঘোষ, শুভদীপ নস্কর, বিশ্ব বসু বিশ্বাস, প্রাঞ্জল দাস এবং রুশা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।
ট্রেলারের দৃশ্যপটে দেখা যায়, প্রভাবশালী ব্যক্তিদের সংবেদনশীল তথ্যসংবলিত একটি হার্ডড্রাইভ দুর্ঘটনাবশত দুই তরুণ-তরুণীর হাতে চলে আসে। এর পর সেই ফাইলটি নিয়ে তারা গাড়ি নিয়ে এক সফরে বেরিয়ে পড়লে পরিস্থিতি ক্রমেই জটিল ও বিপজ্জনক হয়ে ওঠে। একের পর এক অপ্রত্যাশিত ঘটনা, তাদের তাড়া করে ফেরা বিপদ এবং সাধারণ মানুষের জড়িয়ে পড়ার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে ট্রেলারে।
ছবিটিতে প্রথাগত ধারার বাইরে গিয়ে বর্তমান প্রজন্মের বেপরোয়া জীবনযাপন, কৌতুক, সহিংসতা ও অন্ধকার বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। রহস্যময় চরিত্রে শংকর চক্রবর্তীর উপস্থিতি গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত দেয়। পরিচালক তথাগত মুখোপাধ্যায় এই নির্মাণের মাধ্যমে তরুণদের জীবনবোধ ও নতুন মানসিকতাকে একটি ভিন্ন আবহ তৈরি করে উপস্থাপন করেছেন।
