জলবায়ু অর্থায়নে ২৫ সদস্যের জাতীয় কমিটি, প্রধান তারেক রহমান
দেশে জলবায়ু অর্থায়ন ও কার্বন বাণিজ্য সমন্বিত করতে সরকারের পক্ষ থেকে ২৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের জাতীয় কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই পর্ষদে সমন্বয়ক করা হয়েছে সাইমুম পারভেজকে।

কার্বন ক্রেডিট, জলবায়ু তহবিল ব্যবস্থাপনা এবং কার্বন বাণিজ্য কার্যক্রমকে সুসংহত ও কার্যকর কাঠামোর রূপ দিতে ২৫ সদস্যের ‘জাতীয় জলবায়ু অর্থায়ন কমিটি’ তৈরি করেছে সরকার। গত ১ সেপ্টেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করে।
নতুন এই কমিটির শীর্ষ পদ বা সভাপতির দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী মো. সাইমুম পারভেজকে এই পর্ষদের সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির সহসভাপতি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং সদস্যসচিবের দায়িত্বে থাকবেন একই মন্ত্রণালয়ের সচিব। পাশাপাশি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার এবং শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনকে।
তালিকায় আরও রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ স্থানীয় সরকার, পররাষ্ট্র, অর্থনৈতিক সম্পর্ক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, ভূমি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, শিল্প, বাণিজ্য, সড়ক পরিবহন ও মহাসড়ক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, নৌপরিবহন, রেলপথ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং পানিসম্পদ মন্ত্রণালয় বা বিভাগের সচিবগণ।
উচ্চপর্যায়ের এই পর্ষদটি জলবায়ু অর্থায়ন ও কার্বন ক্রেডিট সংক্রান্ত দেশের রূপকল্প, লক্ষ্য ও কৌশলগত অগ্রাধিকারগুলো নির্ধারণের পাশাপাশি সার্বিক নীতিগত নির্দেশ প্রদান করবে।
