চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা

আন্তর্জাতিক ৬ আগস্ট ২০২৬ ৩১০৯

চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সিলেট নগরের বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এ তথ্য নিশ্চিত করেন।

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা

চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই স্থানীয় সরকারের সব পর্যায়ের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের পারাইরচক এলাকায় সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচটি স্তরের ভোট শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি আগস্ট মাস শেষে স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন এক যৌথ বৈঠকে বসে নির্ধারণ করবে কোন স্তরের ভোট আগে অনুষ্ঠিত হবে।

এছাড়া সিলেট সিটি করপোরেশন ও লাফার্জহোলসিমের যৌথ প্রকল্প চালুর বিষয়ে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ২০২৪ সালে শুরু হওয়া এই প্রকল্পটি এখন পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। শহরের বর্জ্য প্রক্রিয়াজাত করে প্লাস্টিক বর্জ্য লাফার্জহোলসিম জ্বালানি হিসেবে কাজে লাগাবে এবং অবশিষ্ট অংশ থেকে জৈব সার তৈরি করা হবে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর নিকট এই বর্জ্য ব্যবস্থাপনা ও বায়োড্রায়িং প্ল্যান্টের সার্বিক চিত্র তুলে ধরেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন