গাজীপুরের হাই-টেক পার্কে গুগল, মেটা ও টিকটকের বড় বিনিয়োগ প্রস্তাব
গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে গুগল, মেটা ও টিকটকের মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের তরফ থেকে বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

গাজীপুরের কালিয়াকৈরে দেশের প্রথম হাই-টেক পার্কের সার্বিক কাজের অগ্রগতি, নতুন কর্মসংস্থান এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনা দেখতে শনিবার (৮ আগস্ট) এলাকাটি পরিদর্শনে যান তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। পার্কটির বর্তমান গতিশীলতার কথা উল্লেখ করে তিনি জানান, বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল, মেটা এবং টিকটকের পক্ষ থেকেও এখানে বিনিয়োগ করার প্রস্তাব এসেছে।
মন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুসরণে 'ন্যাশনাল গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পলিসি' বাস্তবায়নের পাশাপাশি এআই হাব ও আইটি সামগ্রী তৈরির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই পার্কে বিনিয়োগ তরান্বিত করা হচ্ছে। একইসঙ্গে উদ্যোক্তাদের উৎসাহিত করতে ফিসকাল ও নন-ফিসকাল প্রণোদনার খসড়া তৈরি করা হচ্ছে। প্রাথমিক অবকাঠামো গড়ার পর বিভিন্ন প্রতিষ্ঠানকে জমি ও তৈরি জায়গা বুঝিয়ে দেওয়ায় দেশীয় সক্ষমতা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হচ্ছে।
তথ্য অনুযায়ী, কালিয়াকৈর পার্কে এখন পর্যন্ত ৮৫টি সংস্থাকে জমি অথবা স্পেস দেওয়া হয়েছে, যার মধ্যে ৭টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ইতোমধ্যে ৪০টি প্রতিষ্ঠান বাণিজ্যিক কার্যক্রম চালু করেছে, ২৮টির নির্মাণ চলছে এবং বাকি ১৭টি খুব শিগগিরই কাজ শুরু করবে। এখন পর্যন্ত সেখানে সর্বমোট ১.৬৩৬ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে, যার মধ্যে প্রায় ২৮৩ মিলিয়ন ডলার (প্রায় ৩ হাজার ২৪৫ কোটি টাকা) ছাড় হয়েছে। অন্যদিকে সরকার প্রাথমিক অবকাঠামো তৈরিতে ৫০০ কোটি টাকার বেশি অর্থ ব্যয় করেছে।
পরিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা গেলে এই প্রযুক্তি পার্ক থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১ লাখ মানুষের কাজের সুযোগ তৈরি হবে। এছাড়া চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ৭টি প্রতিষ্ঠান থেকে ৬২৯ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব পাওয়া গেছে। এতে পার্কটি শুধু দেশীয় চাহিদা মেটাবে না, বরং বৈশ্বিক প্রযুক্তি সংযোজন, গবেষণা ও রপ্তানির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
