কানে ৬০০ ঘণ্টায় তৈরি ৭ হাজার মুক্তার পোশাকে ঐশ্বরিয়া
কান চলচ্চিত্র উৎসব শেষে ফ্যাশন হাউস টনি ওয়ার্ড কতুর প্রকাশ করেছে ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি অনন্য রূপ। সাত হাজারের বেশি মুক্তা খচিত পোশাকটিতে ফুটে উঠেছে অনন্য কারুকাজ।
-6a73276879cef.jpg)
আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে কান চলচ্চিত্র উৎসবে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের নান্দনিক উপস্থিতি সবসময়ই আলোচিত। সম্প্রতি কান উৎসব উদযাপনের পর পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান টনি ওয়ার্ড কতুর এই অভিনেত্রীর এক অপ্রকাশিত ছবি প্রকাশ্যে এনেছে।
আইভরি-সাদা রঙের স্ট্র্যাপলেস এই পোশাকে স্থান পেয়েছে সাত হাজারের বেশি সংগৃহীত মুক্তা। লেবাননের খ্যাতিমান ফ্যাশন কারিগর টনি ওয়ার্ডের নকশা করা পোশাকটি তৈরিতে সময় লেগেছে প্রায় ৬০০ ঘণ্টা। এতে ব্যবহার করা হয়েছে প্রায় ৪০ মিটার সিল্ক ট্যাফেটা, যা কাঁধের ওপর রফলের মাধ্যমে সুবিন্যস্ত পাপড়ির আবহ তৈরি করেছে।
গাঢ় অলংকারের বদলে অভিনেত্রী বেছে নিয়েছিলেন পরিমিত হিরের গহনা, যার মধ্যে ছিল দীর্ঘ ঝুমকা ও আংটি। কোমল প্রসাধন আর মেকআপের সঙ্গে পাশ ফিরে আঁচড়ানো ঢেউখেলানো চুল তুলে ধরেছে ক্ল্যাসিক হলিউড ঘরানার আধুনিক প্রকাশ।
