কানে সাত হাজার মুক্তার গাউনে নজর কাড়লেন ঐশ্বরিয়া

বিনোদন ৬ আগস্ট ২০২৬ ৩০৩৫

কান চলচ্চিত্র উৎসব শেষে ফ্যাশন হাউস টনি ওয়ার্ড প্রকাশ করেছে ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি বিশেষ রূপ। সাত হাজারের বেশি মুক্তা দিয়ে হাতে তৈরি রাজকীয় পোশাকটি বানাতে সময় লেগেছে প্রায় ৬০০ ঘণ্টা।

কানে সাত হাজার মুক্তার গাউনে নজর কাড়লেন ঐশ্বরিয়া

ফ্রান্সের ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসবে নিজের সাজপোশাকের জন্য বরাবরই প্রশংসিত হন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবারের আসরে নীল রঙের মারমেড গাউন ও সাদা ট্যাক্সিডোর পর আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড টনি ওয়ার্ড কতুর তার একটি অপ্রকাশিত পোশাকের ছবি প্রকাশ্যে এনেছে, যা ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছে।

প্রকাশিত ছবিতে এই অভিনেত্রীকে কাঁধখোলা আইভরি-সাদা গাউনে দেখা যায়। লেবাননের বিখ্যাত পোশাক ডিজাইনার টনি ওয়ার্ডের নকশায় তৈরি এই পোশাকে সাত হাজারের অধিক মুক্তা বসানো হয়েছে। ত্রিমাত্রিক নান্দনিক কারুকাজ পোশাকটিকে এক ধরনের ভাস্কর্যধর্মী রূপ দিয়েছে।

পোশাকটির বিশেষ আকর্ষণ বাড়াতে ব্যবহার করা হয় প্রায় ৪০ মিটার দৈর্ঘ্যের সিল্ক ট্যাফেটা। কাঁধের অংশে জড়ানো এই কাপড়ের নকশা দেখতে অনেকটা প্রস্ফুটিত পাপড়ির মতো লাগে। সম্পূর্ণ হাতে তৈরি বিশেষ এই গাউনটি প্রস্তুত করতে সময় লেগেছে প্রায় ৬০০ ঘণ্টা।

জমকালো পোশাকের পাশাপাশি ঐশ্বরিয়া বেশ সংযত রূপসজ্জা বেছে নিয়েছিলেন। কানে দীর্ঘ হিরের ঝুমকা ও আঙুলে একটি আংটি ছাড়া ভারী কোনো গয়না তিনি পরেননি। সেই সঙ্গে হালকা মেকআপ ও ঢেউখেলানো চুল তার পুরো লুকে ক্লাসিক হলিউড গ্ল্যামারের আমেজ নিয়ে এসেছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন