একাকী জীবনেই স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছেন পঞ্চাশোর্ধ্ব বলিউড তারকা আমিশা প্যাটেল

বিনোদন ৬ আগস্ট ২০২৬ ২৮১৩

সামাজিক মাধ্যমে অনুরাগীদের প্রশ্নের জবাবে অভিনেত্রী আমিশা প্যাটেল জানিয়েছেন, তিনি অবিবাহিত জীবন নিয়ে দারুণ সন্তুষ্ট। উপযুক্ত পাত্র না পাওয়া পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসার কোনো ভাবনা তার নেই।

একাকী জীবনেই স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছেন পঞ্চাশোর্ধ্ব বলিউড তারকা আমিশা প্যাটেল

জীবনসঙ্গী ছাড়াই নিজের মতো করে জীবনযাপন সানন্দে উপভোগ করছেন 'কাহো না... পেয়ার হ্যায়' চলচ্চিত্রখ্যাত বলিউড তারকা আমিশা প্যাটেল। জীবনের পঞ্চাশটি বসন্ত পার করে ফেললেও বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো তাগিদ তিনি অনুভব করছেন না।

সম্প্রতি সামাজিক মাধ্যমে 'আস্কঅ্যামি' শীর্ষক এক প্রশ্নোত্তর পর্বে অনুরাগীদের মুখোমুখি হন এই অভিনেত্রী। সেখানে এক অনুরাগী তার বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চান। জবাবে আমিশা স্পষ্ট জানান, তিনি কখনো বিয়ে করতে চান না এবং বর্তমান একাকী জীবনেই তিনি অত্যন্ত সুখী। তার প্রায় ১০০ জন নিকটাত্মীয় ও বন্ধু রয়েছেন যারা তাকে ভালোবাসেন। জীবনসঙ্গী হিসেবে কেউ এসে তার এই পরিবেশ বদলে দিক, তা তিনি চান না।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিয়ের বিষয়ে অনিচ্ছা প্রকাশ করলেও ইতিপূর্বে প্রেম ও ক্যারিয়ার সম্পর্কিত একটি সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এনেছিলেন এই অভিনেত্রী। ইউটিউবার রণবীর এলাহবাদিয়ার পডকাস্টে তিনি জানান, চলচ্চিত্রে অভিনয়ের আগে তিনি এক গভীর সম্পর্কে যুক্ত ছিলেন। তবে তার সঙ্গী অভিনয়জগতে যোগ দেওয়া পছন্দ না করায় তিনি সেই সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন।

তবে একদম মনমতো মানুষ পেলে ভবিষ্যতে বিয়ে করার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি আমিশা। তিনি জানান, মানসিকভাবে পরিপক্ব ও উপযুক্ত কাঙ্ক্ষিত পাত্র পেলে তিনি বৈবাহিক জীবনে প্রবেশ করতে পারেন। এখনও অনেক প্রতিষ্ঠিত পরিবার থেকে তার বিয়ের প্রস্তাব আসে। এমনকি তার অর্ধেক বয়সের তরুণরাও তাকে ডেটে নেওয়ার আগ্রহ প্রকাশ করে এবং সঠিক মানসিকতা থাকলে এতে তার কোনো আপত্তি নেই। তিনি এমন অনেক বয়স্ক পুরুষের মুখোমুখি হয়েছেন যাদের বুদ্ধি ছিল একেবারেই নগণ্য।

উল্লেখ্য, নিজের দীর্ঘ অভিনয়জীবনে আমিশা প্যাটেলের নাম একাধিক ব্যক্তির সাথে জড়াসলেও ২০০০ সালের দিকে পরিচালক বিক্রম ভাটের সাথে তার প্রেম সবচেয়ে বেশি আলোচিত হয়।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন