ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসায় গেলেন চিত্রনায়িকা রোজিনা

বিনোদন ৬ আগস্ট ২০২৬ ৪৫৮৯

যুক্তরাজ্যে দীর্ঘ ১৫ মাস চিকিৎসা শেষে দেশে ফেরা অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্যেষ্ঠ অভিনেত্রী রোজিনা। গুলশানের বাসায় গিয়ে তার স্বাস্থ্যের খবর নেওয়ার পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসায় গেলেন চিত্রনায়িকা রোজিনা

মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। যুক্তরাজ্যে প্রায় ১৫ মাসের চিকিৎসা শেষে সম্প্রতি স্বল্প সময়ের জন্য দেশে ফিরেছেন তিনি। তার ফেরার খবর পেয়ে গুলশানের বাসভবনে গিয়ে কুশল বিনিময় করেন প্রবীণ চিত্রনায়িকা রোজিনা।

সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে সহশিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেন রোজিনা। তিনি জানান, ইলিয়াস কাঞ্চন এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি এবং চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী চলতি মাসের ১২ তারিখে পুনরায় তাকে চিকিৎসার জন্য লন্ডনে যেতে হবে। এ সময় দেশবাসীর কাছে প্রবীণ এই অভিনেতার জন্য দোয়া প্রার্থনা করেন তিনি। পাশাপাশি কাঞ্চনের দেখভালে তার সহধর্মিনী, সন্তান ও জামাতা সর্বক্ষণ পাশে রয়েছেন বলেও জানান এই অভিনেত্রী।

উল্লেখ্য, গত বছরের এপ্রিল থেকে যুক্তরাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। সে বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও জটিল পরিস্থিতির কারণে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তিন পর্বে প্রায় একশত কেমোথেরাপি নিতে হয় তাকে। দীর্ঘমেয়াদি এই চিকিৎসায় আশাব্যঞ্জক উন্নতি না হলেও সাময়িকভাবে ঢাকায় অবস্থান করছেন তিনি।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন