অঙ্গদাতার ভাইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন লিভার প্রতিস্থাপিত তরুণী
দুই দশক আগে কেন্টাকির ব্রুকলিন ডোস্টন এক কিশোরের লিভার পেয়ে জীবন রক্ষা পেয়েছিলেন। দীর্ঘ সময় পর সেই দাতার ছোট ভাই নোহার সঙ্গেই তিনি আগামী সেপ্টেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের বাসিন্দা শিশু ব্রুকলিন ডোস্টন মরণব্যাধি লিভারের সমস্যায় আক্রান্ত হন। সে সময় চিকিৎসকেরা দ্রুত অঙ্গ প্রতিস্থাপনের পরামর্শ দিয়ে জানান, অন্যথায় অল্প কিছুদিনের মধ্যেই এই শিশুর মৃত্যু হতে পারে। জীবন বাঁচাতে ব্রুকলিনের মা চারদিকে উপযুক্ত দাতার সন্ধান শুরু করেন।
ওই একই সময়ে ওহিও অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় ১০ বছর বয়সী মাইকেল ডোটোন নামের এক কিশোর প্রাণ হারায়। সন্তানের এমন আকস্মিক বিয়োগের পর তার বাবা-মা অঙ্গদানের কঠিন সিদ্ধান্ত নেন। খবর পেয়ে ব্রুকলিনের পরিবার তাদের সঙ্গে যোগাযোগ করে এবং মাইকেলের দেওয়া লিভারের বদৌলতে বেঁচে যান ব্রুকলিন।
এই ঘটনার পর থেকে দুই পরিবারের মধ্যে চমৎকার একটি সখ্য গড়ে ওঠে। দীর্ঘ দুই যুগ ধরে বজায় রাখা সেই সম্পর্কের ধারাবাহিকতায় একপর্যায়ে মাইকেলের ছোট ভাই নোহার সঙ্গে ব্রুকলিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের এই ভালোবাসাকে পূর্ণতা দিতে আগামী ২৬ সেপ্টেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।
ভাইয়ের মাধ্যমে নতুন জীবন পাওয়া সেই শিশুটিই যে একদিন তার জীবনসঙ্গিনী হবেন, তা নোহার ধারণার বাইরে ছিল। নোহা জানান, দুই দশক আগে তার ভাইয়ের দান করা অঙ্গের মাধ্যমে জীবন ফিরে পাওয়া মেয়েটিই যে তার স্ত্রী হবেন, তা তিনি কখনো কল্পনাও করতে পারেননি।
