NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ২৭, ২০২৬ | ১১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ সানিসাইডের কবিতার মঞ্চে কবিতায়, কথায় ও শিকড়ের স্মৃতিতে মনিজা রহমান বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু '৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর
Logo
logo

রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৭ জুলাই, ২০২৬, ১২:৩৫ এএম

রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

রাজশাহীতে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬। শনিবার (২৫ জুলাই ) সকালে রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ রাজশাহীর যৌথ উদ্যোগে নগরীর রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা সংলগ্ন নজরুল ভিলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি ও বেলুন-ফেস্টুন উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।   মেলার উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বৃক্ষরোপণ ও স্বাস্থ্যসেবায় রাজশাহীর রয়েছে নানা ক্ষেত্রে অভাবনীয় সাফল্য। আমাদের সেই সাফল্যকে ধরে রাখতে হবে।

 তিনি আরও বলেন, রাজশাহীকে আরও সবুজ ও সজীব করতে সিবিডি ও সিটি কর্পোরেশনের পাশাপাশি সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে একযোগে ব্যাপক বৃক্ষরোপণ উদ্যোগ নিতে হবে। একই সাথে পরিকল্পিত নগরায়ন গড়ে তুলতে বৃক্ষরোপণের পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।   এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ, আরএমপি পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির, পুলিশ সুপার নাইমুল হাসান, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।  বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে আগামী এক বছরে রাজশাহী সিটি কর্পোরেশন দুই লক্ষ ৫০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় লক্ষাধিক চারা রোপণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।  তিনি আরও যোগ করেন, নগরীর পরিচ্ছন্নতা জোরদারকরণ, মশক নিয়ন্ত্রণ, কাদামাটি অপসারণ ও সবুজায়নের মাধ্যমে রাজশাহীকে আরও সুন্দর ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে নগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্ত কাম্য।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন সংরক্ষক মো. সুবেদার ইসলাম এবং রাজশাহী মহানগর নার্সারি মালিক সমিতির প্রচার সম্পাদক আয়নাল হক।  বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে অন্তত একটি করে গাছ লাগানো ও তার সঠিক পরিচর্যার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।  এর আগে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা গেট থেকে এক বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে নজরুল ভিলেজে গিয়ে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, স্কাউট সদস্য, নার্সারি মালিক ও পরিবেশপ্রেমী সুধীজন অংশ নেন।  উল্লেখ্য, এবারের মেলায় মোট ৫২টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।