NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ১, ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
দুটি ইতিহাসের মিলন: ২৫০ বছরের আমেরিকা, বাংলার উত্তরাধিকার এবং ভবিষ্যতের সংলাপ-আকবর হায়দার কিরন আড়াইশো বছরের বৃদ্ধ ঈগল - মোস্তফা সারওয়ার অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency
Logo
logo

আড়াইশো বছরের বৃদ্ধ ঈগল - মোস্তফা সারওয়ার


খবর   প্রকাশিত:  ০১ জুলাই, ২০২৬, ০১:৫৮ এএম

আড়াইশো বছরের বৃদ্ধ ঈগল  -  মোস্তফা সারওয়ার

আড়াইশো বছরের বৃদ্ধ ঈগল

মোস্তফা সারওয়ার

ছাব্বিশের জুলাইয়ে পটকা ফাটছে ওয়াশিংটনে—

অথচ বারুদের গন্ধটা কেমন যেন বাসি,  অবসন্ন হয়ে গ্যাছে।

ক্যাপিটল হিলের মার্বেল পাথরগুলোয়

এখন আর রোদের তেজ নেই,

সেখানে জমেছে লোনা ধরা ক্ষয়।

 

আড়াইশো বছরের এক বুড়ো ঈগল,

ডানা যার এখনো ছড়াতে চায় প্রশান্ত থেকে অতলান্তিকে, ভারত মহাসাগরে

কিন্তু পালকগুলো খসে পড়ছে একে একে।

যে ডলারের হুংকারে কাঁপত টাইগ্রিস-ইউফ্রেটিস,

সে আজ নিজের ঘরেই এক নিঃসঙ্গ, ঋণগ্রস্ত জাদুকর;

তার জাদুর টুপি থেকে আর খরগোশ বেরোয় না,

বেরিয়ে আসে 

শুধু একাকীত্বের কুয়াশা।

 

অথচ বাইরে এখন মাল্টিপোলার উৎসব!

গ্লোবাল সাউথের ভাঙা উঠোন থেকে উঠছে নতুন  সিম্ফোনি।

বেইজিংয়ের ড্রাগন-নিঃশ্বাস, 

আর অতীতের অবহেলিত রাজধানীতে চায়ের কাপে ওঠা ঝড়

সব মিলে মিশে যাচ্ছে এক বহুস্বরের বিচিত্র কোরাসে। 

এককেন্দ্রিক সেই চাবুকটা আজ ভোঁতা,

নতুন ম্যাপের খসড়া আঁকছে একঝাঁক তরুণ কারিগর।

 

ইতিহাসের লাইফ-সাপোর্টে শুয়ে

বুড়ো ঈগলটা শেষবারের মতো ডানা ঝাপটায়;

আর তার ছায়ার ভেতরেই নিঃশব্দে জন্ম নিচ্ছে

এক বহুমাত্রিক, অবাধ্য পৃথিবী।

 

ড. মোস্তফা সারওয়ার

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভূপদার্থবিজ্ঞানী, শিক্ষাবিদ ও কবি  ড. মোস্তফা সারওয়ার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের 'প্রফেসর ইমেরিটাস'। তিনি ডেলগাডো কমিউনিটি কলেজের সাবেক ভাইস-চ্যান্সেলর ও কলেজ প্রোভোস্ট, ইউনিভার্সিটি অব নিউ অরলিন্সের অ্যাসোসিয়েট প্রোভোস্ট এবং রিজিওনাল ট্রানজিট অথরিটির প্রাক্তন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া ও অস্ট্রিয়ার ইউনিভার্সিটি অব ইনসব্রুকের ভিজিটিং প্রফেসর এবং নাসার (NASA) ইউএস নেভাল রিসার্চ ল্যাবরেটরির সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করার পাশাপাশি বহুজাতিক সেল অয়েল কোম্পানিতে বৈজ্ঞানিক অন্বেষণে যুক্ত ছিলেন। 

বাংলা কবিতার আঙিনায় তাঁর অক্ষয় স্বাক্ষর হয়ে আছে তিনটি প্রকাশিত কাব্যগ্রন্থ 'বিনষ্ট রূপান্তরের বিকারতত্ত্ব', 'অনুলিপি: অন্তরঙ্গ মুহূর্তে' এবং 'প্রার্থিত নির্বাসনের উন্মাদ পদাবলী'। তাঁর বাংলা ও ইংরেজি কবিতা এবং সাহিত্য-প্রবন্ধ বাংলাদেশ ও আমেরিকার বহু ঐতিহ্যবাহী সাময়িকীতে প্রকাশিত হয়েছে; যার মধ্যে 'সঙ্গম লিটারারি ম্যাগাজিন', 'দ্য সিয়াটল স্টার', 'এলিপসিস জার্নাল' এবং 'নিউ ভার্স নিউজ অনলাইন লিটারারি জার্নাল' উল্লেখযোগ্য। তিনি মর্যাদাপূর্ণ মার্কিন সাহিত্য পুরস্কার 'পুশকার্ট প্রাইজ' (Pushcart Prize)-এর জন্য মনোনীত হয়েছেন। সম্প্রতি ইউক্রেন যুদ্ধ ও সমসাময়িক মানবিক সংকট নিয়ে রচিত ইংরেজি কবিতার বই 'Sunflower Wounds' প্রকাশের জন্য যুক্তরাষ্ট্রের 'ইউএনও (UNO) প্রেস'-এর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।